ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদের অবস্থার গুরুতর অবনতি হয়েছে।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মধ্যরাতে বলেন, " চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হবে।
সকাল ১১টায় তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হবে।"
বুধবার আট সদস্যের মেডিকেল বোর্ড কাজী জাফরের স্বাস্থ্য পরীক্ষা করে বলে জানান তিনি।
ল্যাব এইড হাসপাতালে কাজী জাফরকে অধ্যাপক তাহের, অধ্যাপক এম জালাল, অধ্যাপক আলী হোসাইন, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শহীদুল ইসলাম সেলিম, ডা. এ পি এম সোহরাবুজ্জামান, অধ্যাপক সমীরন কুমার সাহা, অধ্যাপক মনজুর রহমান গালিব ও অধ্যাপক মাহবুবুর রহমান পরীক্ষা করেন।
গত সোমবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কাজী জাফরের পরিবার তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসএইচ/০০২৬
bdnews24