ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন মানের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে দায়ের করার মামলায় রিড ফার্মা লিমিটেডের মালিকসহ পাঁচজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করা গেল কি না, সে বিষয়ে আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার দুপুর সোয়া ৩টায় ঢাকার ওষুধ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন।
যাদের সম্পত্তি ক্রোকের আদেশ হয়েছে, তারা হলেন- রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক শিউলি রহমান, অপর পরিচালক আবদুল গনি এবং ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
অভিযুক্তদের গ্রেপ্তার না করায় তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওষুধ আদালতের পেশকার রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রেখে মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য আদালতকে অনুরোধ জানান। কিন্তু আইন অনুযায়ী পুলিশ মামলার অবস্থা জানাতে চিঠি দিয়ে আদালতকে অনুরোধ জানাতে পারে না।"
গত ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম মামলাটি দায়ের করে। ১১ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ ও ভিাটমিন বি কমপ্লেক্স সেবনে কিডনি অকেজো হয়ে শিশু মারা গেছে বলে গত ২১ জুলাই কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। সে সময় ওষুধ প্রশাসন জনস্বার্থে ওই ওষুধ কোম্পানিকে উৎপাদন ও বাজারজাতকরণে বিরত থাকতে সতর্ক করে।
পরবর্তী সময়ে মহাখালীর ওষুধ পরীক্ষাগারে রিডের ওষুধ পরীক্ষা করে দেখা যায়, এগুলো মানসম্মত নয়। কোম্পানিটির প্যারাসিটামল সিরাপের নমুনায় ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল রয়েছে বলেও পরীক্ষায় প্রমাণিত হয়।
ডাই ইথাইল গ্লাইকল মূলত প্লাস্টিক বা চামড়ার রঙের থিনার হিসাবে ব্যবহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24