ওয়াশিংটন, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'নাইন ইলেভেন' ট্র্যাজেডির চারদিন পরই মার্কিনীরা মঙ্গলবার পালন করেছে আরেকটি কালো দিন। এটি ১৫ সেপ্টেম্বর। ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংক জায়ান্ট লেম্যান ব্রাদার্সের পতনের বার্ষিকী। টুইন টাওয়ার ট্র্যাজেডির সঙ্গে মিলিয়ে যথার্থই যাকে ডাকা হয়েছে 'নাইন ফিফটিন' বলে।
লেম্যান ব্রাদার্সের পতনই ঠিক এক বছর আগে তিরিশ দশকের মহামন্দার পর থেকে সবচেয়ে বড় মন্দার সূত্রপাত করে। সেই মন্দার ঢেউ কমবেশি লাগে বিশ্বের সর্বত্র। যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য পুজিবাদী অর্থনীতির দেশগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চরম বিপাকে ফেলে তা।
অনেক বিশ্লেষক বলেছেন, মার্কিন সরকারের সাহসী পদক্ষেপ ছাড়া সারা পুজিবাদী অর্থনীতিই হয়তো ধসে পড়তো এ মন্দার ধাক্কায়। মার্কিন সরকার সেদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য ৭০ হাজার কোটি ডলারের সুবিশাল অঙ্কের অর্থসাহায্য দেয়।
ওই সাহসী উদ্যোগ আরো বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচালেও কেনই বা এ ঘটনা ঘটলো আর তা ধরা পড়তে এত দেরি কেন হলো সে প্রশ্নটা জোরেশোরে সামনে উঠে আসে। বিশ্লেষকরা এ বিষয়ে মোটামুটি একমত যে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের তদারকির অভাব ও ওয়াল স্ট্রিটের অনেক হোমরা চোমরার সীমাহীন লোভই এর জন্য দায়ী।
নিয়ন্ত্রণ আরো জোরদার করা এবং ওয়াল স্ট্রিটের বিশাল অঙ্কের বোনাসের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছিলেন তারা।
গত এক বছরে আর্থিক প্রতিষ্ঠান খাতে এ ধরণের সংস্কার প্রস্তাবের কতটা বাস্তবায়িত হয়েছে তার হিসাব নিতে গিয়ে অবাকই হয়েছেন বিশেষজ্ঞ আর বিশ্লেষকরা। এত বড় ধাক্কার পরও প্রচলিত অভ্যাস আর বিধিব্যবস্থার বদল হয়েছে কমই। কেন্দ্রীয় সরকারের বিশাল সহায়তার বদৌলতে বৃহত্তম ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের রদবদল করেছে কেবল বাইরে বাইরেই। এ খাতে গত সেপ্টেম্বর থেকে চাকরি হারিয়েছে মাত্র ৮ শতাংশ কর্মী। মাত্র কয়েকটি বড় হেজফান্ড বন্ধ হয়েছে। বেতনের হারও আবার ফিরে এসেছে ধসপূর্ব অবস্থায়। এদিকে শীর্ষে রয়েছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাক্স। এর তিরিশ হাজার কর্মী এ বছর গড়ে ৭ লাখ ডলার কামাবে বলে মনে করা হচ্ছে।
আরো আশ্চর্যের বিষয় এই যে, কোনো বড় ধরণের বেতন কমানোর সম্ভাবনা নেই। আর বেশিরভাগ বড় ব্যাংকের নির্বাহীরা তাদের চাকরি বজায় রাখতে পেরেছেন। অন্যদিকে বাণিজ্যিক এলাকার সাধারণ ব্যবসায়ীরা খেয়েছে একটা বড় ধাক্কা। সরকারি হিসাব অনুযায়ীই গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭ এ। এর ফলে মোট বেকারের সংখ্যা বেড়ে উঠেছে ২৬ লাখে। আর ৪০ লাখ মার্কিন নাগরিক এখন দারিদ্র্যের মধ্যে দিন পার করছে। এ ধরণের অর্থনৈতিক নেতিবাচক খবর বেড়েই চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ কঠোর করার বিষয়টি প্রতিদিনই যেন পিছিয়ে যাচ্ছে।
এর আংশিক কারণ সম্ভবত অর্থনীতির আবার দুর্দশা কাটিয়ে চাঙ্গা হতে শুরু করা। গত শীতের ক্ষতির পর আর্থিক খাতের শেয়ারের দাম আবার বাড়ছে। আর নগদ সহায়তা নেওয়া বেশিরভাগ ব্যাংক হয় সে টাকা শোধ করে দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর আসল কারণ হয়তো মার্কিন আইনপ্রণেতা ও ওয়ালস্ট্রিটের কুতুবদের মধ্যেকার সখ্যতা। আইন প্রণেতাদের ওপর আর্থিক প্রতিষ্ঠানগুলোর হর্তাকর্তাদের যে বিশাল প্রভাব তা যুক্তরাষ্ট্রের সবাই জানে। ওয়ালস্ট্রিট মোগলদের কাছ থেকে নির্বাচনী প্রচারণা ও অন্যান্য নানাকাজের চাঁদা অনুদান ইত্যাদি হিসেবে নিয়মিত আর্থিক সুবিধা নিয়ে থাকেন আইনপ্রণেতারা।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা না হলে অদূর ভবিষ্যতে আরেকটি বিপর্যয় ঘনিয়ে আসতে পারে।
প্রতিনিধি/এসকে/
bdnews24