লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিলেরচর এলাকায় মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
সোমবার দুপুরে ভোলার দক্ষিণ জোনের কোস্টগার্ড সদস্যরা তাদের গ্রেপ্তার করে। রাতেই তাদের রামগতি থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (২২), মো. আরজু (২৪), মো. সোহেল (২৫), আব্দুল মান্নান (২৬) ও মো. ফারুক (৩০)। এদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিকুর রহমানের বরাত দিয়ে জানান, রামগতি উপজেলার চরগজারিয়া ইউনিয়নের তিলের চর এলাকায় একদল জলদস্যু জেলেদের মাছ ধরার ট্রলারে ডাকাতি করছে- এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়।
লেফটেন্যান্ট মুশফিক জানান, আটক করা পাঁচ ডাকাতের কাছ থেকে বেশ কয়েকটি রামদা ও চাপাতি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24