২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাইলেন প্রধান তথ্য কমিশনার

তথ্য কমিশন নিয়ে মানুষকে 'ঝলমলে আলো' দেখাতে চান প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- তথ্য কমিশন নিয়ে মানুষকে 'ঝলমলে আলো' দেখাতে চান প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর আইডিবি ভবনে তথ্য কমিশন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য কমিশনের নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন,"আমি অন্ধকার দিয়ে শুরু করে আপনাদের ঝলমলে আলো দেখাতে চাই। ঝলমলে আলো দিয়ে শুরু করলে অন্ধকারের আশঙ্কা থাকে।' গত ২৯ মার্চ সংসদে তথ্য অধিকার আইন পাস হয়। এরপর ১ জুলাই সরকার তিন সদস্যের তথ্য কমিশন গঠন করে। কমিশনের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে । তথ্য অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়ে আজিজুর রহমান বলেন, "কমিশন বেটে খাওয়ালেও আইন কাজ করবে না, যতক্ষণ না পর্যন্ত যথাযথ মানুষ যথাযথ সহায়তা করবে। এজন্য সবার সহযোগিতা চাই।" কমিশনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,"আমাদের পরিকল্পনা হলো সুঁই থেকে কামান তৈরি করা। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তথ্য চেয়ে না পাওয়ার কারণে জরিমান করা হবে।" মতবিনিময় সভায় বিভিন্ন কাজ করার জন্য কমিশনের কাছে দাবি জানানো হয়। এ প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার কমিশনকে নবাগত শিশুর সঙ্গে তুলনা করে বলেন, শিশুকে হাঁটার জন্য যেমন মাটিতে পা ফেলার সুযোগ দিতে হয়, তেমিন কমিশনকেও একটু সময়-সুযোগ দিতে হবে। আজিজুর রহমান বলেন, "যদি জনগণ ও সরকারের মধ্যে মেলবন্ধন হয়, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয় তাহলেই কমিশনের পথচলা শুভ হবে।" 'কেন একটি কার্যকর তথ্য কমিশন দরকার" শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ম্যাস লাইন মিডিয়া সেন্টারের নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৯৫০ ঘ.