চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার উদয়নগড় গ্রামের মনিরুল ইসলাম ও পলাতক সাদেকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২০ জুলাই খয়েরাবাদ গ্রামের কায়েস উদ্দিনের ছেলে মজিবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মনিরুল। পরদিন সকালে নুনগোলা গ্রামের একটি মাঠ থেকে মজিবুরের জবাই করা লাশ উদ্ধার করা হয়।
২১ জুলাই নিহতের ভাই দুরুল হোদা বাদী হয়ে মনিরুল ও সাদেকুলের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24