ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব মকসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পররাষ্ট্রমন্ত্রী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এর একটি বিমানে রাত সোয়া ১০ টার দিকে ঢাকা ত্যাগ করেন।
আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দেবেন। এ সংক্রান্ত কাগজপত্র তৈরি করতে দীপু মনি কিছুটা আগেই যুক্তরাষ্ট্র গেলেন।
সদস্য পাঠানোর দিক দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও দেখা করবেন।
বারাক ওবামা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা সদস্য পাঠানো ১০টি দেশের সরকার প্রধানের সঙ্গে ওইদিন সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সফরকালে দীপু মনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মকসুদ খান জানিয়েছেন, ৩ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩৩৯ঘ.
bdnews24