ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে সোমবার বিকেলে নিষিদ্ধ ফেন্সিডিলের বড় একটি চালান উদ্ধার করেছে র্যাব।
নওগাঁ থেকে ঢাকায় আনার পথে মাদকের এ চালানটি আটক করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ ইলতুৎ মিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে র্যাব-১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল গাজীপুরের চন্দ্রা এলাকায় অভিযান চালায়।
তিনি আরও জানান, ওই অভিযানে তথ্য পাওয়া যায় যে, নওগাঁ থেকে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় আসছে। সেটি আটকের জন্য ক্যাপ্টেন ওয়ালিদের নেতৃত্বে একটি দল উত্তরা (হোটেল মনোলোভা লাগোয়া ওভারব্রিজ) এলাকায় সাদা পোশাকে অবস্থান নেয়।
বিকেল চারটার দিকে মাদকবাহী মাইক্রোবাসটিকে (ঢাকা-মেট্রো-গ-১৪-৭৫০৬) থামতে সংকেত দেওয়া হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে তল্লাশী চালালে ১০৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক জনেব শেখকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২৩১০ ঘ.
bdnews24