২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতের প্রসারে নানা বাধার কথা তুলে ধরলেন উদ্যোক্তারা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রসার ও উন্নয়নে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা। সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ সুপারিশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রসার ও উন্নয়নে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা। সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ সুপারিশ করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা স্থাপন ও পরিচালনার তথ্য, উপাত্ত এবং ব্যবসা শুরু করার পদ্ধতিগত ও আইনগত কাঠামো সম্পর্কে উদ্যোক্তাদের নানামুখী প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তারা বিভিন্ন সুপারিশ করেন। এসএমই খাতের প্রতিবন্ধকতা নিয়ে হালনাগাদ তথ্য, অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এ বৈঠকের আয়োজন করে। দেশের চারটি বিভাগীয় শহরে এসএমই উদ্যোক্তাদের ওপর এক জরিপে নিয়ন্ত্রণারোপের নানা জটিল দিক বেরিয়ে আসে। উদাহরণস্বরূপ, দমকল বাহিনীর কাছ থেকে ফায়ার লাইসেন্স পেতে হলে দরকার পড়ে ট্রেড লাইসেন্স। এটা ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দিয়ে থাকে। অথচ ফায়ার লাইসেন্স ছাড়া ডিসিসি কোনো ট্রেড লাইসেন্স সরবরাহ করে না। এছাড়া এসএমই নিবন্ধনের ক্ষেত্রে কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কিত আইন-কানুন 'দুর্বোধ্য' বলেও অভিযোগ করেন বক্তারা। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করা গেলে উদ্যোক্তা ও ব্যাংকগুলো এগিয়ে আসবে বলেই মনে করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম। তিনি বলেন, "দেশব্যাপী ভারসাম্যপূর্ণ ও পরিকল্পিত এসএমই উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা, কৌশল এবং এসএমই খাতে প্যাকেজ সুবিধা দেওয়ার লক্ষ্যে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতিকৌশল-২০০৯ শিরোনামে একটি আলাদা নীতিকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে।" প্রস্তাবিত শিল্পায়ন নীতিমালা ২০০৯- এ এই খাতকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আফতাব উল ইসলাম বলেন, "নারী উদ্যোক্তাদের এসএমই বান্ধব অর্থায়নের বিষয়ে প্রজ্ঞাপণ জারি হওয়া সত্ত্বেও বাজারে এসএমই খাতে অর্থায়নের প্রবাহ মোটেই সন্তোষজনক নয়।" বিষয়টিকে প্রাধান্য দিয়ে এসএমই ফাউন্ডেশন পাইলট কর্মসূচি হিসেবে মাইডাস ও শক্তি ফাউন্ডেশনের মাধ্যমে ক্রেডিট হোলসেলিং এর কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সাধারণ, আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কে শুধু উদ্যোক্তারা নন, নীতিনির্ধারকরাও খুব কমই জানেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বর্তমান সার্বিক আইনি ও নিয়ন্ত্রণ কাঠামোকে পুরনো, বাতিলযোগ্য ও দুর্বল বলে অভিহিত করে বলেন, "শিল্পায়নের ক্ষেত্রে এটি অন্যতম প্রতিবন্ধকতা।" সুদের উচ্চ হার বিবেচনায় এ খাতের অর্থায়নের প্রক্রিয়াটিকে উদ্যোক্তাদের জন্য বোঝা হিসেবে অভিহিত করেন অধ্যাপক মমতাজ। তিনি বলেন, "ব্যাংকগুলো ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে। অথচ তুরস্কে এ খাতের উদ্যোক্তাদের চার শতাংশ এবং ভারতে পাঁচ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়।" এছাড়া কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ২৫-৫০ শতাংশ সার্ভিস চার্জও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অনেক বেশি হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এসএইচ/২২৫৫ ঘ.