রংপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর পানি উন্নয়ন বোর্ডের নয় কোটি টাকার কাজের দরপত্র নিয়ে দুই ঠিকাদারকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে একটি দল সোমবার দুপুরে রংপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এই দুই ঠিকাদারকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
তবে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ বলেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর মেসার্স এসডিসি নামের প্রতিষ্ঠানের দুই ঠিকাদার মনসুর আলী ও আবুল হোসেন সাংবাদিকদের জানান, নয় কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার অধীন যমুনা নদীর বাম তীর বাঁধ সংরক্ষণ কাজের দরপত্র আহবান করে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো ও জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার দুপুর পর্যন্ত।
তারা অভিযোগ করেন, রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শাফিয়ার রহমানের নেতৃত্বে কয়েকজন লোক তাদের বাধা দেন।
জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহম্মেদের নাম উল্লেখ করে বাধাদানকারীরা তাদের বলেন, তার সঙ্গে কথা না বলে দরপত্র দাখিল করলে সমস্যা হবে। এরপর মোবাইল ফোনে আবুল মনসুর আহম্মেদের সঙ্গে তাদের কথা বলিয়ে দেন শাফিয়ার রহমান ও তার লোকজন।
দুই ঠিকাদার দাবি করেন, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহম্মেদ তাদেরকে গাইবান্ধা যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে দরপত্র দাখিলের পরামর্শ দেন। এমনকি তিনি এই কাজের জন্য দরপত্র না দিলে ভালো কাজ পাওয়ার ব্যাপারে সহায়তা করার প্রস্তাব দেন।
এ প্রস্তাবে কান না দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র ফেলে তারা শহরের পৌর বাজারের হোটেল মহানগরে চলে আসেন বলে তারা জানান।
দুই ঠিকাদার অভিযোগ করেন, দুপুর সোয়া ১টার দিকে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে গাইবান্ধা জেলা যুবলীগের মাসুদ জাহাঙ্গীর কবীরসহ ৫০/৬০ জন হোটেলে ৬৬ নম্বর কক্ষে এসে দরপত্র প্রত্যাহার করার জন্য তাদের চাপ দেন। প্রত্যাহার না করলে গুলি করে হত্যার হুমকিও দেন। এক পর্যায়ে তাদের অস্ত্রের মুখে অপহরণের সৃষ্টি করলে হোটেলের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা চলে যায়।
ঘটনার পরই পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থলে আসে এবং ঘটনা শুনে তাদেরকে মামলা করার পরামর্শ দিয়ে চলে যায়।
জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন তালুকদারের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওই হোটেলে গিয়েছিলাম সত্যি। তবে তাদের কোন হুমকি দেওয়া হয়নি। যেহেতু কাজটি গাইবান্ধা জেলার সে কারণে দলের লোকজনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি।"
গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি মাসুদ জাহাঙ্গীর কবীর বলেন, "আমরা হোটেলে গিয়েছি সত্যি। কিন্তু তাদের কোন হুমকি দেওয়া হয়নি। তাছাড়া দরপত্রের বিষয়ে আলোচনা হতেই পারে, এটা দোষের কিছু নেই।"
দরপত্র জমা দেওয়ার সময় বাধার দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
জেলা আওয়ামী লীগ নেতা সাফিয়ার রহমানের বলেন, "আমরা দরপত্র দাখিল করতে বাধা দেই নাই। আর দিলে তারা তো দরপত্র দাখিল করতে পারত না।"
জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহম্মেদের সঙ্গে ফোনে কয়েক দফা যোগাযোগে করেও কথা বলা যায়নি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদের বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগপত্রে ত্র"টি থাকায় গ্রহণ করা হয়নি। অভিযোগপত্রটি ঠিক করে আনলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24