২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভার উপদেষ্টা থাকছেন না সাংসদরা

পৌরসভায় সাংসদদের উপদেষ্টা থাকার বিধান বাদ দিয়ে সোমবার সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ পাস হয়েছে। এতে পৌরসভায় দুটি ডেপুটি মেয়রের পদ রাখার সুপারিশ বাদ দিয়ে মেয়র প্যানেল রাখারও বিধান রাখা হয়েছে। কাউন্সিলরদের সমম্বয়ে এ প্যানেল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভায় সাংসদদের উপদেষ্টা থাকার বিধান বাদ দিয়ে সোমবার সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ পাস হয়েছে। এতে পৌরসভায় দুটি ডেপুটি মেয়রের পদ রাখার সুপারিশ বাদ দিয়ে মেয়র প্যানেল রাখারও বিধান রাখা হয়েছে। কাউন্সিলরদের সমম্বয়ে এ প্যানেল হবে। স্থানীয় সরকার (পৌরসভা) বিল-২০০৯ উত্থাপনের সময় সাংসদদের উপদেষ্টা রাখার বিধানটি থাকলেও শেষ মুহূর্তে সরকারি দলের এক সাংসদের সংশোধনী প্রস্তাবের পর এ পরিবর্তন আসে। পৌরসভায় সাংসদদের উপদেষ্টা না থাকার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সরকার দলীয় প্রধান হুইপ আবদুস শহীদ। উত্থাপিত বিলটিতে কিছু সংশোধনীর প্রস্তাব করে পৌরসভায় সাংসদদের উপদেষ্টা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গাজীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। পৌরসভায় সাংসদদের উপদেষ্টা করার বিপক্ষে তার বক্তব্য দেওয়ার সময় দলমত নির্বিশেষে কয়েকজন সাংসদ "মানি না, মানি না" বলে চিৎকার করেন। মোজাম্মেল হক বলেন, "আমি মনে করি, চেয়ারম্যানদের প্যানেলের একটি বিধান থাকায় ডেপুটি মেয়রের দুটি পদ তৈরির কোনও প্রয়োজন নেই।" তখন স্পিকার আবদুল হামিদ সংশোধনী প্রস্তাবগুলোর ওপর কণ্ঠভোট আহ্বান করেন। এরপর প্রধান হুইপ ও অন্যান্য হুইপ স্পিকারের আহ্বান অনুসারে কণ্ঠভোটে পরিবর্তনের পক্ষে থাকলে 'হ্যাঁ' বলার নির্দেশনা দেন। ক্ষমতাসীন দলের যেসব সাংসদ আগে এ পরিবর্তনের বিপক্ষে হৈ চৈ করেছিলেন কণ্ঠভোটে তারা সমস্বরে 'হ্যাঁ' বলেন। এর মধ্য দিয়ে পৌরসভায় সাংসদদের উপদেষ্টা থাকার বিধানটি বাদ হয়ে যায়। বিলটি পাস হওয়ার পর চিফ হুইপ শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিল পাসের সর্বশেষ ধাপে আমি এ সম্পর্কে নির্দেশনা দেই। বিলটি যেভাবে পাস হয়েছে তাতে সাংসদরা আর পৌরসভার মেয়র থাকতে পারছেন না।" স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ মার্চ সংসদে বিলটি উত্থাপন করেন। এরপর তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি সাংসদদের পৌরসভার উপদেষ্টা থাকার বিধানটি সংযোজন করে। তবে এতে সাংসদরা পৌরসভার উপদেষ্টা হলেও তাদের সুপারিশ মানা বাধ্যতামূলক থাকবে না বলে প্রস্তাব করা হয়। স্থানীয় সরকারের আরেক স্তর উপজেলা পরিষদের সাংসদদের উপদেষ্টা রাখার বিধান করে ইতোমধ্যেই আইন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানদের ব্যাপক আপত্তি সত্ত্বেও তাতে সাংসদদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন বিলটি সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। তাতে সাংসদদের উপদেষ্টা করার বিধান থাকলেও পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা নেই। সোমবার সংসদে ইউনিয়ন পরিষদ বিল-২০০৯ উত্থাপন করা হয়েছে। এতে আদেশ মানতে ব্যর্থ হলে নির্বাচিত যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার ক্ষমতার সরকারের হাতে রাখার সুপারিশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/এসকে/২০৪২ঘ.