২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত হরতালে বাস ভাংচুর

হরতাল চলাকালে সোমবার সকাল ছয়টা ৫০ মিনিটে এবং সোয়া সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দুইটি বাস ভাংচুর করেছে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে জায়গা ইজারা দেওয়ার বিরোধী বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 04:42 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হরতাল চলাকালে সোমবার সকাল ছয়টা ৫০ মিনিটে এবং সোয়া সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দুইটি বাস ভাংচুর করেছে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে জায়গা ইজারা দেওয়ার বিরোধী বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পল্টন ও শাহবাগ মোড়ে আসার সবগুলো পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। এ সব রাস্তায় রিকশা ছাড়া কোনো যানবাহন চলেনি। তবে হরতাল পালিত হচ্ছে বিক্ষিপ্তভাবে। বামপন্থী কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রিকশা ছাড়া আর কোনো যানবাহন যেতে দেয়নি। পল্টন থেকে শাহবাগ পর্যন্ত কড়া পিকেটিং-র কারণে এই এলাকায় মূলত হরতাল পালন হচ্ছে। শহরের রাস্তায় জন পরিবহন (বাস) ও ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট কার) চলাচল ছিল কম। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো মিছিল করে মুক্তাঙ্গনের দিকে রওনা দেয়। এর পর শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়। সকাল ছয়টার দিকে পল্টন মোড়ে জমায়েত হয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীরা। এখানে থেমে থেমে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং উদীচী শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। পল্টন মোড়ের সমাবেশে এম এম আকাশ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স, টুকু বিশ্বাস, সাইফুল হক, জুনায়েদ সাকী উপস্থিত ছিলেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সোমবার সকাল ছয়টা থেকে রাজধানীতে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/জিএনএ/১১০০ ঘ.