২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দোকানপাট খোলা থাকবে: মালিক সমিতি

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল উপেক্ষা করেই দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল উপেক্ষা করেই দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে বলেন, "গত দু'দিনে হরতাল কর্মসূচি প্রত্যাহার করানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে অনেক চেষ্টা করেছি। তবে কোন লাভ হয়নি। সরকার ও আন্দোলনকারী উভয় পক্ষই যার যার দাবিতে স্থির রয়েছে। এ পরিস্থিতিতে আমাদের সামনে কোন বিকল্প না থাকায় হরতাল উপেক্ষা করেই আমরা দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।" তিনি বলেন, "সোমবার দোকান বন্ধ রাখার কোন সুযোগ নেই। কারণ, ঈদের আগে মানুষ সাধারণত এ সময়েই কেনাকাটা করে বেশি। এ মুহূর্তে হরতাল মানুষের জন্য কেবল দুর্ভোগই তৈরি করবে।" দোকানপাট খোলা রাখার আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দোকান খোলা রাখার সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।" জাতীয় কমিটি যে ইস্যুতে হরতাল ডেকেছে তার প্রতি সমর্থণ রয়েছে জানিয়ে হেলাল আরও বলেন, "ঈদের পর এ হরতাল ডাকা হলে আমাদের কোন আপত্তি থাকতো না। আর ঈদের আগে এ ধরণের হরতাল দিয়ে উল্টো আওয়ামী লীগের দাবিকেই শক্তিশালী করা হচ্ছে।" তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে হরতালের কর্মসূচি দেওয়া হয়। একই দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/০০০১ ঘ.