বেনাপোল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেনাপোল স্থলবন্দরের শুল্ক বিভাগের কম্পিউটার সার্ভার বিকল হওয়ায় পণ্য আমদানি-রপ্তানির স্বাভাবিক কার্যক্রম শনিবার থেকে বন্ধ রয়েছে।
পণ্য খালাস প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় বন্দর থেকে শুধু পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করা হচ্ছে বলে শুল্ক কর্মকর্তারা জানান।
বন্দরের শুল্ক বিভাগের কম্পিউটার প্রোগ্রাম অফিসার গোলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কম্পিউটার সার্ভারের যন্ত্রাংশ পুরনো হওয়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে। সোমবার ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ আসার রয়েছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মশিয়ার রহমান জানান, সার্ভার বিকল হওয়ায় বন্দরের কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফল, মাছ, পিঁয়াজ জাতীয় পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস দেওয়া হচ্ছে।
বন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার ফরিদ উদ্দিন জানান, সার্ভার বিকল হওযায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24