২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-সাতক্ষীরার জলাবদ্ধ পাঁচ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

কপোতাক্ষ নদ অববাহিকার সাতক্ষীরা ও যশোরের পাঁচটি উপজেলার জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে কেন্দ্রীয় পানি কমিটি। কমিটি এই এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কপোতাক্ষ নদ অববাহিকার সাতক্ষীরা ও যশোরের পাঁচটি উপজেলার জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে কেন্দ্রীয় পানি কমিটি। কমিটি এই এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানায়। রোববার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা সদরের ডাক বাংলোয় সংবাদ সম্মেলন করে কমিটি দাবি করে, কপোতাক্ষ'র উপচে পড়া পানিতে সাতক্ষীরার তালা এবং যশোরের কেশবপুর, মনিরামপুর, শার্শা ও ঝিকরগাছা উপজেলার ৩৬টি ইউনিয়নের ৩৩০টি গ্রামের ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে কোন কোন এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিতে চলেছে। জরুরি ভিত্তিতে পানি অপসারণের ব্যবস্থা না করা হলে মানুষ তাদের বসতি ত্যাগে বাধ্য হবে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, তালার ১২টি ইউনিয়নের ১৬৯টি গ্রাম এখন পানির নিচে। উপজেলা সদর তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন- পানি কমিটির নেতা হাশেম আলী ফকির, এনামুল ইসলাম, মোড়ল আবদুস সালাম, অচিন্ত্য সাহা, প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.