ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়ের করা ক্ষতিপূরণ ও মানহানি মামলায় নির্ধারিত দিন রোববার আপত্তি বা জবাব দাখিল করেননি সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
এজন্য সময় চেয়ে জেনারেল মইনের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত।
একই আদালতে মামলা খারিজ চেয়ে গত ৮ সেপ্টেম্বর মইনের পক্ষে করা আবেদনের ওপরও শুনানির নির্ধারিত দিন ছিল রোববার। এদিন মইনের ওই খারিজ আবেদনের ওপর টুকুর পক্ষে লিখিত আপত্তি দেওয়া হয়েছে। আদালত এ বিষয়েও আগামী ১ অক্টোবর শুনানির তারিখ ধার্য করেছে।
মইনের পক্ষে তার আইনজীবীরা আদালতে আপত্তি ও জবাব দাখিলের জন্য সময় চাইলে বিচারক এস এম সাইফুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
বিবাদী মইনের পক্ষে রোববার আদালতে পৃথক তিনটি আবেদন করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
একটি আবেদনে টুকুর দায়ের করা মামলায় রায়ের আগে মইনের বারিধারার ৬তলা বাড়ি ক্রোকের যে আবেদন করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিলের জন্য সময় চাওয়া হয়।
আরেকটি বাদী টুকুর মানহানি ও ক্ষতিপূরণ মামলার জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হয়।
আরেকটি আবেদনে টুকুর মামলাটি খারিজের জন্য মইনের আবেদনের সঙ্গে কিছু সম্পূরক বক্তব্য যোগ করা হয়।
মইনের মামলা খারিজের আবেদনের বিরুদ্ধে টুকুর পক্ষে আপত্তি দাখিল করেন অ্যাডভোকেট মো. তাহেরুল ইসলাম তৌহিদ।
এতে বলা হয়, রায়ের আগে অগ্রিম বাড়ি ক্রোক করার দরখাস্ত নিষ্পত্তিকে বিলম্বিত করার কৌশল হিসেবে মামলা খারিজের আবেদন করেছেন জেনারেল মইন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৭ মার্চ এক অনুষ্ঠানে বাদী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইঙ্গিত করে জেনারেল মইন বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে।
জেনারেল মইনের ওই বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের জন্য টুকু গত ১২ জুলাই মামলাটি দায়ের করেন।
গত ১৫ জুন অবসরে যান মইন উ আহমেদ। ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি। তত্ত্বাবধায়ক সরকার মইনের দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ায়। ২০০৭ সালে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে তার বড় ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/২০৩৯ঘ.
bdnews24