ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরে দেশে স্বাভাবিক বন্যা না হওয়ায় ভূগর্ভস্থ পানি পেতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
শনিবার এক সেমিনারে তিনি বলেন, "পানীয় জল ও সেচ কাজে ব্যবহারের ফলে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর প্রায় পাঁচ মিটার করে নেমে যাচ্ছে। এ বছরে স্বাভাবিক বন্যা না হওয়ায় দেশে ভূগর্ভস্থ পানি পেতে সমস্যা হতে পারে।"
দেশে প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে বন্যা হয়।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সেলিম ভুইয়া শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "শুষ্কতম মৌসুম ১৯৯৪ সালের চেয়েও এবার কম বৃষ্টিপাত হয়েছে।
এ বছর জুন মাস ছাড়া অন্য মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আর ২২ থেকে ২৮ আগস্ট ছাড়া অন্য সময়ে দেশের কোথাও স্বাভাবিক বন্যা পরিস্থিতিও ছিলোনা।"
তিনি জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ১৯৭২ সাল থেকে তথ্য উপাত্ত রাখা হয়। ওই উপাত্ত অনুসারে ১৯৯৪ সালকে শুষ্কতম মৌসুম বিবেচনা করা হয়।
সাধারণভাবে দেশের ২০ থেকে ২৭ শতাংশ এলাকা প্লাবিত হলে স্বাভাবিক বন্যা বলা হয়। এটা কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক, জানান তিনি।
সেলিম বলেন, "তবে এবার ওই পরিমাণ এলাকা প্লাবিত হয় নি। যদিও এখন পর্যন্ত হিসাব করা হয় নি দেশের কী পরিমাণ এলাকা প
bdnews24