দিনাজপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন-ভাতা বাড়ানোসহ ১৪ দফা দাবি আদায়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে শনিবার তৃতীয় দিনের মতো শ্রমিক ধর্মঘট চলছে। ফলে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার সকালে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার খনি এলাকায় যান।
তিনি দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসতে চাইলেও শ্রমিকরা রাজি হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, "আমরা বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি।"
শ্রমিক ধর্মঘটের কারণে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলেও কামরুজ্জামান জানান।
খনিতে কর্মরত প্রায় এক হাজার বাংলাদেশি শ্রমিক বৃহস্পতিবার রাত ১২টা থেকে ধর্মঘট শুরু করে।
শ্রমিকদের দাবির মধ্যে আছে- বেতন-ভাতা বৃদ্ধি, কয়লা উত্তোলনে কর্মরত শ্রমিকদের জন্য বাঙালি চিকিৎসক, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সুবিধা বাড়ানো, দুর্ঘটনায় আহত শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, নতুন নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার এবং যাচাই-বাছাই করে সব শ্রমিককে নতুন পরিচয়পত্র প্রদান প্রভৃতি।
বড়পুকুরিয়া শ্রমিক আন্দোলন অধিকার কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম ও উপদেষ্টা এস এম নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসবেন না। তারা কোনো রাজনৈতিক সমাধান চাই না বলেও জানান।
তারা জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ছাড়া অন্য কোনো প্রতিনিধির সঙ্গে তারা আলোচনায় বসবেন না।
শ্রমিক নেতা রবিউল ও নুরুজ্জামান জানান, রোববার দুপুর ১২টার মধ্যে দাবি মানা না হলে বড়পুকুরিয়া কয়লা খনির যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এরপরও সমাধান না হলে সোমবার ওই প্রকল্প অবরোধ করে রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24