চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনবল সঙ্কট কাটিয়ে পরিবেশ অধিদপ্তরকে গতিশীল করতে শিগগিরই সাড়ে চারশ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও জানান, পুরনো ২০টি জেলায় অধিদপ্তরের কার্যালয় খোলা হবে।
পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীদের ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। এ জন্য শিগগির পরিবেশ অধিদপ্তরে ৪৫০ জনবল নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োগ করা হবে সাতজন ম্যাজিস্ট্রেট।"
দেশের পুরনো সব জেলায় অধিদপ্তরের কার্যালয় খোলা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, "এ জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।"
বর্তমানে শুধু বিভাগীয় শহরগুলোতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে। তবে সেগুলোও খুব বেশি কার্যকর নয়- স্বীকার করে এ জন্য জনবলের অভাবকেই দায়ী করেন প্রতিমন্ত্রী।
পরিবেশ অধিপ্তরে বর্তমানে জনবল সংখ্যা আড়াইশ। তবে নতুন জনবল কত দিনের মধ্যে নিয়োগ হবে, তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।
চট্টগ্রামে সরকারি ডাক বাংলোয় মতবিনিময় সভার পর দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর কুসুমবাগ, খুলশী, লালখানবাজার এবং শেরশাহ এলাকায় পাহাড়ি ভূমির অবস্থা দেখেন হাছান মাহমুদ।
তিনি পাহাড় কাটায় জড়িত রাজনৈতিক পরিচয়ধারী প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, "ছিন্নমূলের নাম দিয়ে যে সব এলাকায় পাহাড় কাটা হচ্ছে, এর পেছনে মূলত প্রভাবশালীরা জড়িত। তারা যে দলেরই হোক না কেন সরকার পাহাড় কাটা বন্ধে এসব প্রভাবশালীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।"
তিনি বলেন, "পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলো এখন থেকে সরাসরি মাঠে নামবে।
পাহাড় কাটা বন্ধে আলাদা আইন প্রণয়নের কাজ চলছে বলে পরিবেশ প্রতিমন্ত্রী জানান।
দেশের ৭ লাখ ৫৮ হাজার হেক্টর ভূমিকে সামাজিক বনায়নের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮১০ ঘ.
bdnews24