ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ১৪ সেপ্টেম্বরের অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
রমজান মাস ও ঈদে ব্যবসায়িক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য হরতাল কর্মসূচি প্রত্যাহার করতে শনিবার এক বিবৃতিতে আহবান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, "ঈদ উদযাপনের পূর্ব মুহূর্তে উৎসবমুখর পরিবেশে দেশবাসীর কেনাকাটা ও বাড়ি ফেরা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের প্রক্রিয়া চলাকালে হরতাল ডাকা হলে তা ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিশৃঙ্খলা ও হয়রানি সৃষ্টি করবে।"
এতে আরো বলা হয়, "এফবিসিসিআই দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু অনুসন্ধান, উত্তোলন ও বরাদ্দ প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার পক্ষে। এক্ষেত্রে হরতাল পরিহার করে বরং পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট পরিস্থিতির সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি।"
বামপন্থীদের সংগঠন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাগরের তিনটি এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল ও তাদের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এ হরতাল ডেকেছে। প্রধান বিরোধী দল বিএনপি হরতালে সমর্থন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৫৭ ঘ.
bdnews24