২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ১৬ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে: স্কপ

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটি রোববার পোশাক শ্রমিকদের শ্রম ভবন ঘেরাও কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটি রোববার পোশাক শ্রমিকদের শ্রম ভবন ঘেরাও কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছে। শনিবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করে স্কপ। সেগুন বাগিচায় স্কপ কার্যালয়ে ওই সভা হয়। সভায় স্কপের সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরী বলেন, "গার্মেন্টস মালিকরা সরকারকে হুমকি দিয়ে শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস থেকে বঞ্চিত করতে চায়। কিন্তু শ্রমিকরা এ চেষ্টা সফল হতে দেবে না। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করলে শ্রমিকরা আন্দোলনে নামবে।" ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তাঙ্গনে স্কপের সমাবেশ সফল করারও আহ্বান জানান। পোশাক শ্রমিক নেতা আমিরুল হক আমিন ঈদের আগে বেতন-বোনাস না দিয়ে বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানার মালিকদের দ্রুত কারখানা চালু এবং শ্রমিকদের পাওনা পরিশোধের আহ্বান জানান। তিনি বলেন, "মহাখালীর নিবোরাস নিটয়, গাজীপুর মৌচাকের মার্শাল নিটেক্স, আশুলিয়ার পুবালী নিটেক্স, তেজগাঁও'র সিডনি ফ্যাশন এবং রায়েরবাজারের লাইফ গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। আরও কিছু গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে বন্ধ করার পাঁয়তারা করছে। এ অবস্থায়ও প্রধান কল-কারখানা পরিদর্শক নিশ্চুপ ভূমিকা পালন করছে।" গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ রোববার শ্রমভবনে প্রধান কল-কারখানা পরিদর্শকের কাছে স্মারকলিপি দেবে। সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহমেদ, শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি হাবিব উল্লাহ, লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মণ্ডল প্রমুখ। সভায় দ্রুত শ্রম আইন সংশোধন এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নির্ধারণে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০০ ঘ.