বগুড়া, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় শুক্রবার সন্ধ্যায় চারজন নিহত এবং ১১জন আহত হয়েছেন।
এর মধ্যে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরায় একটি কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হন। ফেনী সদর উপজেলার লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হন।
আমাদের বগুড়া প্রতিনধি জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘজরুল গ্রামের কাইয়ূম (৩৮) ও কাদের (৪০)।
আহত একই গ্রামের আবদুল লতিফকে (৩৭) শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে তিন মোটরসাইকেল আরোহী মাঝিরা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। যাত্রা শুরুর পরপরই বিপরীত দিকে থেকে আসা একটি কোচ তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।
গাড়িটি আটক করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম আকবর আলী এবং অপরজন অজ্ঞাতনামা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহীপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু তাহের জানান, সদর উপজেলার লেমুয়ার খাইয়ারা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে একটি সিএনজি ওটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের মধ্যে খোকা মিয়া, তাজুল ইসলাম, সালমা আক্তার, মামুন, বেলাল ও সুমাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24