সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শারীরিক অবস্থার আরও আবনতি হয়েছে।
সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আব্দুল করিমকে শুক্রবার দুপুর থেকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
করিমের একমাত্র ছেলে শাহ নূর জালাল শুক্রবার রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বাবা গত ৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীর নূরজাহান পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে দুপুর থেকে তাকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।"
তার বাবার আশু আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাউল সম্রাট ওই ক্লিনিকের মেডিসিন বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ফয়সাল আহম্মেদ শুক্রবার রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাউল সম্রাট শ্বাসকষ্ট, কিডনির জটিলতা, ফুসফুসে ইনফেকশন এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাকে বর্তমানে সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে।"
১৯১৬ সালের ১৫ ফেব্র"য়ারি সুনামগঞ্জের কালনী নদীর তীরে উজানধল গ্রামে জন্ম নেন শাহ আব্দুল করিম। ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১৫০ঘ.
bdnews24