রংপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে দরপত্র জমায় বাধাসহ বিভিন্ন অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
ছাত্রলীগের দুই কর্মীকে এ মামলায় আসামি দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার এলজিইডি ভবনে পীরগঞ্জ উপজেলার সড়ক সংস্কার ও নির্মাণ কাজের দরপত্র জমা দিতে গেলে ছাত্রলীগ কর্মীরা ঠিকাদারদের বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ছাত্রলীগ কর্মীরা দরপত্র বাক্স ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ছাত্রলীগ কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলজিইডির সহকারী প্রকৌশলী বেলাল হেসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। রতন ও রুবেলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে পাঠানো হয়।
মামলায় বেলাল হেসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুর দুইটায় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে দরপত্র দাখিলের সর্বশেষ সময় ছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে ৫০/৬০ জন লোক দরপত্র জমা দানে বাধা প্রদান, বিশৃংখলা ও জটিলতার সৃষ্টি করে।
এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে তারা উচ্ছৃঙ্খল আচরণ করে এবং টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এসআই জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দ্রুত বিচার আইনের ৪(৫) ধারায় এ মামলাটি হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24