২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটি অভিযোগ করেছে, বেতন-বোনাস দেওয়ার ক্ষেত্রে শিল্প মালিকরা গড়িমসি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটি অভিযোগ করেছে, বেতন-বোনাস দেওয়ার ক্ষেত্রে শিল্প মালিকরা গড়িমসি করছে। ঈদ বোনাসসহ শ্রমিকদের সব বকেয়া পরিশোধের দাবি জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই দাবিতে রাজধানীতে শুক্রবার সকালে বিক্ষোভ করে পোশাক শ্রমিকদের কয়েকটি সংগঠন। সংবাদ সম্মেলনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কে এম রুহুল আমীন বলেন, "আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে। ঈদ বোনাস দিতে হবে।" শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। শ্রমিকদের বেতন পরিশোধে মন্দা মোকাবেলার প্রণোদনা প্যাকেজ থেকে শ্রমিকদের অর্থ চাওয়ার সমালোচনা করে রুহুল আমীন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যক্তি মালিকানাধীন শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নজির পৃথিবীর কোথাও নেই। উল্টো মালিকরা প্রাপ্য থেকেও শ্রমিকদের বঞ্চিত করেন। তিনি বলেন, "মালিকরা যখন মুনাফা করে তখন পুরোটাই নিজেদের পকেটে নেন। প্রচলিত আইন অনুসারে লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের পাওনা। সে হিসেবে গার্মেন্ট শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা মালিকরা পরিশোধ করেনি।" সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিভিন্ন কারখানা মালিক বেতন-বোনাস দিতে এখনও গড়িমসি করছে। পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষ, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, জলি তালুকদার, তুহিন চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.