দিনাজপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ দফা দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা বৃহস্পতিবার রাত ১২ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
রাত ১২ টায় ভূগর্ভে কর্মরত এক হাজার শ্রমিক একযোগে বেরিয়ে এসে মিছিলসহ ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে।
এর আগে বিকেল পর্যন্ত খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা বৈঠক হলেও দাবি-দাওয়ার ব্যাপারে কোন সুরাহা হয়নি।
খনি কর্তৃপক্ষ আগামী রোববার পর্যন্ত সময় চেয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও তা প্রত্যাখান করে খনিতে কর্মরত এক হাজার বাংলাদেশী শ্রমিক ধর্মঘট শুরু করে।
বড়পুকুরিয়া শ্রমিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ দফা দাবি আদায়ে গত ৬ সেপ্টেম্বর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্স এম সি কর্তৃপক্ষকে স্মারকলিপির মাধ্যমে ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়নে তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছি।"
বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্যাটি আমাদের সঙ্গে না হলেও আমরা শ্রমিক নিয়োগকারী চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্স এম সি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছি। পরে আজ (বৃহস্পতিবার) বিকেলে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকের মাধ্যমে সমঝোতার সর্ব্বোচ্চ চেষ্টা করেছি।"
কামরুজ্জামান আরও বলেন, "এক্স এম সি শ্রমিকদের বেসিক বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দেওয়ার বিষয়ে সম্মত হলেও শ্রমিকরা একশ' ভাগ বোনাসসহ ১৪ দফাতে অনড় থাকে। পেট্রোবাংলার চেয়ারম্যান টেলিফোনে আমার মাধ্যমে রোববার পর্যন্ত সময় চেয়ে শ্রমিকদের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা তা প্রত্যখান করে। ফলে আমাদের আপাতত কিছুই করার নেই।"
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে চুক্তির শর্তানুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি, কয়লা উত্তোলনে কর্মরত শ্রমিকদের জন্য বাঙালি চিকিৎসক, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সুবিধা বাড়ানো, দুর্ঘটনায় আহত শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, নতুন নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার এবং যাচাই-বাছাই করে সব শ্রমিককে নতুন পরিচয়পত্র প্রদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/
bdnews24