২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে কলেজ ছাত্র খুন, আহত দোকানকর্মী

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র খুন হওয়ার আধঘন্টা পরই সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক দোকানকর্মী। নিহত রাসেল উদ্দীন আহমেদ (২২) মিরপুর বাংলা কলেজের ইংরেজি বিভাগ থেকে এ বছর স্নাতক পরীক্ষায় অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র খুন হওয়ার আধঘন্টা পরই সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক দোকানকর্মী। নিহত রাসেল উদ্দীন আহমেদ (২২) মিরপুর বাংলা কলেজের ইংরেজি বিভাগ থেকে এ বছর স্নাতক পরীক্ষায় অংশ নেন। এদিকে মীরপুর ১ নম্বরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত 'ওকাশা রেন্ট এ কার' এর ব্যবস্থাপক আবুল বাশার (৩৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা রাত সাড়ে ৮টার দিকে রাসেলকে গুলি করে। এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রাত ১০টার দিকে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেলের বাসা ৩০২/১ আহম্মেদনগর, পাইকপাড়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। মা জরিনা বেগম জানান, তিনমাস আগে রাসেলের ছোটভাই নাফিসউদ্দীন আহমেদ রুবি নামের এক মহিলাকে বিয়ে করে। এ বিয়ে মেনে নেয়নি তার পরিবারের সদস্যরা। এরপর থেকেই তার পরিবারকে ওই মহিলা নানাভাবে হুমকি দিচ্ছিল। নিহতের মায়ের ধারণা, এই বিয়ে নিয়ে বিরোধের জের ধরেই খুন হয়েছেন রাসেল। জরিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে সে (রাসেল) সুগন্ধি কিনতে বাসা থেকে বের হয়। স্থানীয় মনিরউদ্দীন মার্কেটের সামনে পৌঁছলে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। বেশ কিছুক্ষণ রাসেল সেখানে পরে থাকে। পরে পুলিশ ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আহত বাশার জানান, রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী মীরপুর-১ এর ৩ নম্বর এভিনিউর ১/ই (দোকান নং ৬) ওকাশা রেন্ট এ কারে এসে দোকান বন্ধ করতে বলে ও এরপরই এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এতে দোকান ব্যবস্থাপক আবুল বাশারের বাঁ পাঁজরে ও বাঁ হাতের বাহুতে গুলি বিদ্ধ হয়। তখন ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ঘটনাস্থল শাহ আলী থানার মধ্যে পড়েছে। পরে এ ব্যাপারে শাহ আলী থানায় যোগাযোগ করা হলে থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, তারা এখনও কোনো খবর পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩১০ ঘ.