২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেপালগঞ্জে সন্দেহভাজন সোয়াইন ফ্লু'র রোগীর মৃত্যু

গোপালগঞ্জে সন্দেহভাজন এক সোয়াইন ফ্লু'র রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামে মারা গেছে পোশাক কর্মী নাসরিন খানম (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে সন্দেহভাজন এক সোয়াইন ফ্লু'র রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামে মারা গেছে পোশাক কর্মী নাসরিন খানম (১৮)। বেসরকারি হিসাবে মঙ্গলবার পর্যন্ত সোয়াইন ফ্লুতে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ এ। গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ লাশের গলনালীর শ্লেষ্মা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা মহাখালীর রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছে। স্থানীয়রা জানান, চাপ্তা মধ্যপাড়া গ্রামের মো. কালাম মিয়া ওরফে কালু মিয়ার মেয়ে নাসরিন ঢাকা মহাখালীর ক্রস লাইন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতো। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সে সেখানে জ্বরে আক্রান্ত হয়। অসুস্থ হয়ে শনিবার গ্রামের বাড়ি চাপ্তায় আসে। নাসরিনের বাবা কালাম মিয়া সাংবাদিকদের জানান, সোমবার তাকে একজন গ্রাম্য চিকিৎসক দেখানো হয়। কিন্তু তাতে কোন কাজ হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় নাসরিনের মৃত্যু হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা খুকী বেগম বলেন, বাড়িতে আসার পর নাসরিনের জ্বর আরও বেড়ে যায়। দেখা দেয় কাশি, হাঁচি, শ্বাস-কষ্ট ও পাতলা পায়খানা। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে সে মারা যায় । জেলার উন্নয়নকর্মী ম. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের ছুটিতে ঢাকা থেকে অনেকেই গ্রমে আসবে বেড়াতে। তখন এখানে এ রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।" কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিদ্ধেশ্বর মজুমদার বলেন, "নাসরিনের পরিবারের পক্ষ থেকে যেসব লক্ষণের কথা বলা হয়েছে তাতে মনে হচ্ছে সোয়াইন ফ্লুতে তার মৃত্যু হয়েছে।" তিনি জানান, রোগটি সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে। তিনি অতংকিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নূর-উন-নবী বলেন, "মৌখিকভাবে যেসব লক্ষণের কথা বলা হয়েছে তাতে আমরা ধারণা করছি সোয়াইন ফ্লুতেই নাসরিনের মৃত্যু হয়েছে।" তিনি জানান, নাসরিনের গলনালীর শ্লেষ্মা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ডা. নূর-উন-নবী বলেন, "সোয়াইন ফ্লু'র ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সচেতন রয়েছে। জেলার হাসপাতলগুলোতে এ রোগের ঔষধ বৃহস্পতিবার সরবরাহ করা হয়েছে।" গত বৃহস্পতিবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একটি শিশু মারা যায়। তবে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান শিশুটির পরিচয় জানাননি। সোয়াইন ফ্লুতে গত ৩০ আগস্ট দেশে প্রথম কারও মৃত্যু হয়। এরপর গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.