বান্দরবান, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় জজ আদালত চালুর পর প্রথমবারের মতো বান্দরবানে একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
বান্দরবানের জেলা জজ ঋষিকেশ সাহা বুধবার স্ত্রী হত্যার দায়ে বেলাল হোসেন (২৫) নামের একজনের বিরুদ্ধে এ রায় দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান বলেন, "২০০৮ সালের ১ জুলাই বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় জজ আদালত চালুর পর এই প্রথম কোনো আদালতে ফাঁসির আদেশ দেওয়া হল।"
দণ্ডপ্রাপ্ত বেলালের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার বড় হাতিয়া গ্রামে। তার বাবার নাম ফজল করিম।
আগামী সাত দিনের মধ্যে আসামি উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় বেলাল আদালতে উপস্থিত ছিলো।
তবে তার পক্ষের কোনো আইনজীবী না থাকায় সরকারি আইনজীবী আমিনুর রশিদ মামলা পরিচালনা করেন।
মামলায় বলা হয়, ২০০৮ সালের ১৩ মে বেলাল তার স্ত্রী হেনোয়ারা বেগমকে (২০) সদর উপজেলার সুয়ালকের লম্বাঘোনা এলাকায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সে স্ত্রীর লাশ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় হেনোয়ারার বাবা আবদুল আজিজ পর দিন বান্দরবান সদর থানায় মামলা করেন।
পরে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বেলালকে গ্রেপ্তার করে বান্দরবান সদর থানা পুলিশের হাতে তুলে দেয়।
হেনোয়ারার পক্ষে সরকারি আইনজীবী (পিপি) মহিউদ্দিন মামলা পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/২১৫৪ ঘ.
bdnews24