ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একটি নারী নির্যাতন মামলায় সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল জলিলকে (৪৮) জেল হাজতে পাঠিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল হাসান বুধবার দুপুরে এ আদেশ দেন।
এর আগে আব্দুল জলিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে এর ওপর শুনানি হয়।
মামলার নথি থেকে জানা যায়, আব্দুল জলিল কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালনের সময় পৌর এলাকার মনিপুরঘাটের বাসিন্দা এবং এই মামলার বাদী নুসরাত জাহানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০০৮ সনের ১৯ ডিসেম্বর তাকে গোপনে বিয়ে করেন।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর আব্দুল জলিল ব্যক্তিগণ ঋণ পরিশোধের কথা বলে নুসরাতের কাছ থেকে তিন লাখ টাকা নেন। এরপর পৈত্রিক সূত্রে পাওয়া পঁচাত্তর লাখ টাকা মূল্যের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য সন্তানসম্ভবা নুসরাতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। দৈহিক নির্যাতনের ফলে চলতি বছরের ৭ মার্চ নুসরাত জাহানের গর্ভপাত ঘটে।
যৌতুক দাবি ও মারধরের অভিযোগ এনে নুসরাত জাহান বাদী হয়ে গত ৩১ মার্চ কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে কিশোরগঞ্জ সদর থানাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ তদন্ত শেষে আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
আব্দুল জলিল অন্যত্র বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৩৩ঘ.
bdnews24