ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত নতুন জার্মান রাষ্ট্রদূত হেলগার মিশায়েল বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের প্রতি জার্মান প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন।
ঢাকায় জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, জার্মান প্রেসিডেন্ট হোর্স্ট কোহলার এক পত্রে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ এবং অবিচ্ছিন্ন সম্পর্কের কথা ব্যক্ত করেছেন।
রাষ্ট্রদূত মিশায়েল বলেন, "দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা রক্ষায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে বাংলাদেশের ভূমিকাকে জার্মানী সমর্থন করে।"
ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে হেলগার মিশায়েল ফেডারেল ফরেন অফিসের বাণিজ্য উন্নয়ন প্রধান হিসেব নিযুক্ত ছিলেন।
তিনি হংকং ও থাইল্যান্ড, কোরিয়া, নিকারাগুয়া ও তুরস্কেও দায়িত্ব পালন করেছেন বলে ওই বিবৃতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/এসকে/২১২৭ঘ.
bdnews24