রাজবাড়ী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে রাজবাড়ী বিএনপির বিবদমান দুটি পক্ষ এক স্থানে কর্মসূচি পালনের ডাক দেওয়ায় উত্তেজনা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে প্রশাসন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। দিনটি পালনে বিএনপি কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে।
রাজবাড়ী বিএনপির জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এমএ খালেকের অনুসারীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে সভা ও শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করে মাইকিং করছেন।
জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সকালের ওই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুসারীরা একই স্থানে একই সময়ে আলাদা কর্মসূচি ঘোষণা করে দাওয়াতপত্র বিলি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক নইম আনছারীর স্বাক্ষর রয়েছে ওই দাওয়াতপত্রে।
পাল্টাপাল্টি এ কর্মসূচি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে উভয় পক্ষে সমঝোতা কিংবা পৃথক সময়ে দুটি কর্মসূচি করলে ভালো হয়। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে দেশের বিভিন্ন স্থানে দুটি দল একই স্থানে সভা ডাকলে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে দেখা গেছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন নিয়েও উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৫ ঘ.
bdnews24