ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের সদস্য সন্দেহে মসজিদের এ ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফেজ আব্দুল হাকিম পীরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া বড়বাড়ি জামে মসজিদের ইমাম।
ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সরকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা থেকে এসে হাকিমকে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।"
পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঢাকা থেকে আগত ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে । সকালেই বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
হাকিমের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুর গ্রামে। তবে তিনি তারাবির নামাজ পড়াতে রোজার আগে ঢাকা থেকে পীরগঞ্জ যান।
ওসি লতিফ জানান, হাকিম গত বছরও ওই মসজিদে তারাবির নামজ পড়িয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24