২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি'র ডিজিটাল ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৩ সেপ্টেম্বর সকালে উদ্বোধনের পর থেকে শুরু হয়ে রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ৩০ অক্টোবর সকল বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেলিটকের মোবাইল নেটওয়ার্ক থেকে প্রধানমন্ত্রী ভর্তিচ্ছু একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মাধ্যমে এ ডিজিটাল পদ্ধতির উদ্বোধন করবেন।" ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে সবাই রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে পারবে। উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের প্রত্যেক পরীক্ষায় নূন্যতম গড় জিপিএ ৩.০০ থাকতে হবে। উভয় পরীক্ষায় একত্রে গড় জিপিএ ৭.০০ থাকতে হবে। তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর সকালে 'ক' ইউনিটের অধীনে বিজ্ঞান বিভাগের সকল বিষয় এবং দুপুরে 'খ' ইউনিটের অধীনে মানবিক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সকল বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এসএসসি ও এইচএসসি'র রোল নম্বর এবং যে ইউনিটে পরীক্ষা দেবে তার নাম টাইপ করে ৯৯৯ নম্বরে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের একাউন্ট থেকে রেজিস্ট্রেশন বাবদ ভর্তি ফরমের নির্ধরিত মূল্য কেটে নেওয়া হবে। তারপর ফিরতি এসএমএসের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন নম্বর প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। ওই নম্বর এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ভর্তিচ্ছু প্রার্থী সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ভর্তির রেজিস্ট্রেশনের (ভর্তি ফরম) মূল্য রাখা হয়েছে অর্কিটেকচার বিভগের জন্য ৫০০ টাকা এবং বাকি সব বিভাগের জন্য জন্য ৪৫০টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.