ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
নতুন ওই পোশাকে মঙ্গলবার তিনি সরকারী দুটি বৈঠকেও অংশ নেন।
এখন থেকে তিনি আর সেনাবাহিনী বা বিডিআরের বর্তমান ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করবেন না বলেও জানিয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
মইনুল ইসলাম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কফি-কালো ও ধুসরসহ মোট চারটি রংয়ের সমন্বয়ে তৈরি করা ইউনিফর্ম পরে আমি অফিস করা শুরু করেছি।"
এক প্রশ্নের জবাবে বিডিআর মহাপরিচালক বলেন, "ইউনিফর্মের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনই যথেষ্ট। তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে বিডিআরের নাম পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন আছে।"
মঙ্গলবার এই নতুন ইউনিফর্ম পরে তিনি একনেক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে অংশ নেন বলেও জানান তিনি।
নতুন এই ইউনিফর্ম বিডিআর সদর দপ্তরের আরো কয়েকজন কর্মকর্তা মঙ্গলবার থেকে পরা শুরু করেছেন। পর্যায়ক্রমে সবাই এই ইউনিফর্ম পরবেন বলে জানান মেজর জেনারেল মইনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২৩৪১ঘ.
bdnews24