ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যে কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে লে. কর্নেল আব্দুল মান্নান ভুঁইয়াকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ লে. কর্নেল আনোয়ারুল ইসলাম খানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক উইং কমান্ডার সাঈদুল হাসান খান একই দপ্তরের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন পরিচালক হয়েছেন উইং কমান্ডার সাহিদুর রহমান।
চট্টগ্রাম ফিশ হারবারের মহাব্যবস্থাপক (ফিশ হারবার) পদে নতুন নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তা কমান্ডার সৈয়দ হাসিবুর রহমান। এজন্য তার চাকরি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে থাকা কমান্ডার আলজার হোসেনকে নৌ-বাহিনীতে ফেরত পাঠানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল কেএম আমিরুল ইসলাম। চট্টগ্রাম মেরিন একাডেমীর অ্যাডজুটেন্ট কাম ইনস্ট্রাকটার পদে নিয়োগ পেয়েছেন লে. কমান্ডার একেএম ইকরামুল হোসেন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মেজর সৈয়দ বোরহান উদ্দিন মাহমুদকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন মেজর হাসান আহমেদ।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মোতাহার হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২১৪১ঘ.
bdnews24