মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পদ্মায় উত্তাল ঢেউ এবং প্রবল বাতাসের কারণে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওড়াকান্দি নৌপথে মঙ্গলবার ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে।
সকাল ৯ টা থেকে আড়াই ঘণ্টা কোনো ফেরি চলেনি। সাড়ে ১১টার পর সচল নয়টি ফেরিই চলাচল শুরু করে। পরে পাঁচটি ফেরি বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে মাওয়া ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়। রাত ৮টায় একশ'র বেশি গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের একজন কর্মকর্তা জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে উপকূলে দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি হতে পারে।
তিনটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের নৌবন্দরগুলোকে বলা হয়েছে দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে।
বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান জানান, রো রো একটি, কে টাইপ দুটি, মিডিয়াম টাইপ একটি ফেরি চালু আছে। বাকি ৫টি ফ্ল্যাট ফেরি চলাচল করতে পারছে না।
আশিকুজ্জামান জানান, পদ্মা উত্তাল থাকায় পারাপারে সময় বেশি লাগছে। তাই উভয় পারে যানজট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24