২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জমি দখল চেষ্টার ঘটনায় সাত সংবাদকর্মী লাঞ্ছিত

সাভারের আশুলিয়া ইউনিয়নের জিরাব এলাকায় একটি এতিমখানার জমি দখল চেষ্টার ঘটনায় সোমবার দুপুরে এলাকাবাসীর হাতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 08:16 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

সাভার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়া ইউনিয়নের জিরাব এলাকায় একটি এতিমখানার জমি দখল চেষ্টার ঘটনায় সোমবার দুপুরে এলাকাবাসীর হাতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছিত সংবাদকর্মীরা হলেন- এনটিভির জাহিদুর রহমান, তাদের ক্যামেরাম্যান মাসুদ, দৈনিক খবরের ফিরোজ মাহমুদ, বৈশাখী টেলিভিশনের আব্দুল হালিম, একুশে টেলিভিশনের নাজমুল হুদা, তাদের ক্যামেরাম্যান মেহেদি এবং স্থানীয় জ্বালাময়ী পত্রিকার চন্দন কুমার রায়। হাজী কাশেম আলী দারুল সুন্নাত মাদ্রাসা ও এতিমখানা নামে ওই প্রতিষ্ঠানের সভাপতি হাজী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ নিজস্ব জমিতে ইটের দেওয়াল তুলতে শুরু করে। দুপুরে ভূমিদস্যু হিসেবে পরিচিত স্থানীয় আব্দুল বারেক ও মজিদের নেতৃত্বে আলী আজম, ফারুক হোসেন, আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে দেওয়াল নির্মাণে বাধা দেন। তিনি অভিযোগ করেন, কিছুক্ষণ পর তাদের পক্ষ নিয়ে ওই স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন দেওয়াল ভেঙে ফেলেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। খোরশেদ আলম বলেন, এ সময় মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের মারধর এবং ক্যামেরা ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেকান্দার আলী জানান, ভূমিদস্যুদের পক্ষ নিয়ে সাংবাদিকরা মাদ্রাসা ও এতিমখানার জমি দখল এবং নির্মাণাধীন দেওয়াল ভাঙচুর করার কারণে মাদ্রাসা কমিটির লোকজন ও স্থানীয়রা তাদের মারধর করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে বলেন, "সেখানে সাংবাদিক যাওয়ার মতো কোন পরিস্থিতি ছিলো না, তারপরও তারা যে কেন সেখানে গেলেন তা আমি বুঝতে পারছি না।" এ ব্যাপারে এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সেখানে লাঞ্ছিত হননি বা তাকে কেউ মারধর করেনি। জাহিদুর রহমান ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, "সেখানে আমার ক্যামেরাম্যান ছবি তোলা শুরু করলে কয়েকজন লোক তার কাছ থেকে ক্যামেরা কেড়ে নেয়। তবে পরে আমি গাড়ী থেকে নেমে ধমক দিলে তারা ক্যামেরাটি ফেরত দেয়। পরে সেখান থেকে আমি অন্য একটি সংবাদের জন্য ধামরাই চলে যাই। পরে সেখানে ইটিভির সাংবাদিককে পুলিশ পেটায় বলে খবর পাই।" তবে লাঞ্ছিত হওয়া অপর সাংবাদিক একুশে টেলিভিশনের নাজমুল হুদাসহ অন্যরা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির লোকজন তাদের মারধর করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় জাহিদুর রহমানও তাদের সঙ্গে ছিলেন। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানায়, ১৯৯১ সালে জিরাব এলাকার হাজী আব্দুল কুদ্দুস তৈয়বপুর মৌজায় ১১৩ শতাংশ জমি মাদ্রাসা ও এতিমখানার নামে দান করেন। জমিতে মাদ্রাসা ও এতিমখানার একটি নামফলকও রয়েছে। জমিটি দখলের চেষ্টা করার আশঙ্কায় এর আগে আশুলিয়া থানায় একাধিক সাধারণ ডায়রিও (জিডি) করে মাদ্রাসা ও এতিমখানা কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/এসকে/০১০০ঘ.