রাঙ্গামাটি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৫ অক্টোবর থেকে পার্বত্য ভূমি কমিশন তিন পার্বত্য জেলায় ভূমি জরিপের কাজ শুরু করবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. খাদেমুল ইসলাম।
ছয়মাস পর্যন্ত চলবে এ জরিপ কাজ। তবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে।
ভারত থেকে প্রত্যাগত উপজাতীয় আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ জরিপ চালানো হচ্ছে বলে কমিশনের চেয়ারম্যান জানান।
রাঙামাটি সার্কিট হাউসে সোমবার দুপুরে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "জরিপ কাজ এবং সঠিক মালিকের কাছে জমি হস্তান্তর ছয় মাসের মধ্যে সম্পন্ন করা না গেলে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে।"
পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান আরও বলেন, "বিতর্র্কিত জমির বন্দোবস্তি ও হস্তান্তর বিষয়ে যে কোনো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এ ধরনের উদ্বাবাস্তুদের যথাযথ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পূর্বাপর অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিন পার্বত্য জেলায় অবৈধ বন্দোবস্তির বিষয়টি খতিয়ে দেখার দায়িত্বও কমিশনকে দেওয়া হয়েছে বলে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান।
বৈঠকে ভূমি কমিশনের সদস্য সচিব চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি অংশপ্র" চৌধুরী এবং রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান ও অন্যরা ভারত থেকে আসা কয়েকজনের সঙ্গে কথা বলেন।
এদের মধ্যে রয়েছেন রাঙামাটি সদরের রাঙাপানি এলাকায় বসবাসরত (বর্তমান) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শরৎবালা চাকমা, তার স্বামী সুশীল জীবন চাকমা এবং দীঘিনালা উপজেলার কনক প্রভা চাকমা ও তার স্বামী কৃপায়ন চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24