২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পাঁচ টন ভেজাল গুড় উদ্ধার

পাবনার গুড় বাজার এবং আতাইকুলা উপজেলার কুচিয়ামারা থেকে সোমবার বিকেলে প্রায় পাঁচ মেট্রিক টন ভেজাল গুড় উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

পাবনা, ০৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার গুড় বাজার এবং আতাইকুলা উপজেলার কুচিয়ামারা থেকে সোমবার বিকেলে প্রায় পাঁচ মেট্রিক টন ভেজাল গুড় উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসন পরিচালিত এই অভিযানে আতাইকুলা উপজেলার কুচিয়ামারা গ্রামের তারাপদ শিকদারকে দুই লাখ টাকা, পাবনা গুড় বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরদারকে ৫০ হাজার টাকা, দেবু সাহাকে ১০ হাজার এবং আজগর খাজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আব্দুর রাজ্জাক ও তারাপদ শিকদারকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। পরে উদ্ধার করা ভেজাল গুড় পাবনার ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। এ সময় পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির, পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমাম উদ্দিন কবির, র‌্যাবের এএসপি কাজী আখতার উল আলম, পৌরসভার স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক ফরিদা ইয়াসমিন, পৌরসভার স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা সাইফুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, "এক নাগাড়ে ছয় মাস এই গুড়ের শরবত খেলে মানুষের লিভার, কিডনি, ফুসফুস, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হবে।" তিনি আরও বলেন, গুড়ের দাম বেশি হওয়ায় পাবনার একটি চক্র দীর্ঘদিন ধরে নষ্ট চিনি, চিটা গুড়, কাপড়ের রং, আটা, ময়দা ও ডালডা দিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.