২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণঞ্জে তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

শ্রমিককে মারধর করার জেরে রোববার দুপুরে নরায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে মারধর করার জেরে রোববার দুপুরে নরায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 'আরকে টেক্্রটাইল' নামের ওই তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও মালিকের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অহিদুর রহমান রবিন কারখানাটির মালিক আব্দুল হামিদের ভায়রার ছেলে। রবিনের ভাড়া করা লোকজনের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, দুপুরে গার্মেন্টেসের উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার ঘটনায় রবিনের ভাড়া করা কিছু লোক কারখানার কয়েকজন শ্রমিককে মারধর করে আহত করে। এতে অন্য শ্রমিকরা গার্মেন্টসের ভেতর বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে যায়। আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন- আব্দুল আলীম, সুলতান, রাজ্জাক, হাছান, সবুজ, জীবন, হোসেনসহ প্রায় ১০ জন। তাদের স্থানীয় ক্লিনিক ও নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রবিন প্রায়ই নানা অজুহাতে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করেন বলে শ্রমিকরা জানান। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, শ্রমিক মারধর করার জের ধরে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেছে। ঘটনার জন্য দায়ী রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোনো পক্ষ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.