২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলা মামলায় মুফতি হান্নান সাতদিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদ করতে হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা মুফতি আব্দুল হান্নান এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহ জুয়েলকে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদ করতে হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা মুফতি আব্দুল হান্নান এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহ জুয়েলকে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি হেফাজতে নেওয়ার অনুমতি দেন। ২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হন। হতাহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। ঘটনার পর পরই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জড়িত কাউকে চিহ্নিত করতে না পেরে তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লা। ইউসুফ আলী মোল্লা এই মামলাটি পুনর্তদন্তের জন্য আদালতের আবেদন জানান। এর অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েলকে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি চাওয়া হয়। আবেদনের শুনানির জন্য রোববার দুপুরে কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে ঢাকা থেকে মুফতি হান্নান ও জুয়েলকে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আনা হয়। নিরাপত্তার জন্য আদালত পাড়ার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জুয়েল জোট সরকার আমলে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই। তিনি ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আদালতে মুফতি হান্নান ও জুয়েলকে সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান দীপু। তারা আদালতকে বলেন, এটি সুপরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হলে কারা জড়িত তা জানা যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। মুফতি হান্নানের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। মুফতি হান্নান নিজেই আদালতে বক্তব্য রাখেন। নিজেকে ফাঁসির আসামি হিসেবে উল্লেখ করে মুফতি হান্নান জানতে চান জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া যায় কি না। জুয়েলের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সাখাওয়াত হোসেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ইউসুফ আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, দু' বছর আগে ভারতে দিল্লি পুলিশের হাতে ধরা পড়া দুই হরকাতুল জিহাদ জঙ্গি মোরসালিন ও তার ভাই মুত্তাকিন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হলে এই হামলার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। উদঘাটিত হতে পারে রহস্য। তিনি জানান, জুয়েলের সঙ্গে জঙ্গিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.