ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি চুরি, হারানো বা ড্রাইভারকে নিয়ে এখন আর মালিকদের দুঃশ্চিন্তায় ভুগতে হবে না। ঘরে বসেই নিজের গাড়ির খবর জানতে পারবেন। এমনকি ছিনতাই হলেও ছিনতাইকারী গাড়িটি নিয়ে কোথায় অবস্থান করছে বা কোনদিকে যাচ্ছে সেসব তথ্যও পাওয়া যাবে।
মহানগর পুলিশের সহযোগিতায় রাজধানীতে এসব সুবিধা নিয়ে 'এনট্র্যাক' নামের স্বয়ংক্রিয় 'ভেহিকেল লোকেশন ও সিকিউরিটি সিস্টেম' চালু করেছে এনআইটিএস সার্ভিস (প্রাইভেট) লিমিটেড। নিটল নিলয় গ্র"পের এ অঙ্গ প্রতিষ্ঠানের সহযোগিতায় গাড়ি মনিটরিং করার জন্যে মহানগর পুলিশ সদর দপ্তরে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকেই তালিকাভুক্ত গাড়িগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।
শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে 'এনট্র্যাক' ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ সময় মহাপুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক, নিটল নিলয় গ্র"পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মদ উপস্থিত ছিলেন।
দেশে নতুন চালু হওয়া এ প্রযুক্তির মাধ্যমে গাড়ি চুরি কমে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে পুলিশ সদস্যদেরও কাজ অনেক কমে যাবে। ফলে তারা অন্যান্য ক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করতে পারবে।
উদ্যোক্তাদের সার্ভিস চার্জ কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, চার্জ কম হলে গ্রাহক অনেক বাড়বে।
এখন ১২ হাজার টাকা দিয়ে প্রযুক্তিটি গাড়িতে স্থাপন করা যাবে। মাসিক চার্জ হবে ৬২৫ টাকা। তবে ব্যবহারকারী বাড়লে খরচ কমে আসবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সারা দেশেই এটি ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/
bdnews24