২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা, ফেনী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

পাবনায় শুক্রবার সকালে টেম্পু চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার রাতে ফেনীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় শুক্রবার সকালে টেম্পু চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার রাতে ফেনীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- পাবনা: পাবনায় নিহত শিশুরা হল বেড়া উপজেলার বাঁধেরহাট গ্রামের মাজেদ আলীর ছেলে হাসান (১০) এবং জহুরুল ইসলামের ছেলে সবুজ (১১)। আহত মিরাজ (১২) ও পলাশকে (১১) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল ১১টার দিকে উপজেলার বাঁধেরহাট এলাকায় কাশীনাথপুর-কাজীরহাট সড়কের পাশে চারটি শিশু খেলা করছিল। অসতর্ক মুহূর্তে তারা রাস্তায় উঠে এলে নাজিরগঞ্জ থেকে আসা একটি টেম্পু চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে। টেম্পুটি আটক করা যায়নি। ফেনী: ফেনীতে নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এয়াকুবপুরের জামাল উদ্দিন (৫৫) এবং অজ্ঞাত পরিচয় একজন। আহত চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকার শাহজাহান মিস্ত্রি (৩৫), ফেনী সদরের ফাজিলপুর এলাকার নূরনবী মিন্টু (৫৪), ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের খায়রুল ইসলাম মজলিনা (৩২) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. সাগরকে (৩২) ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. শাখাওয়াত জানান, সদর উপজেলার মহিপালের কাছে একটি মিনি ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দু'জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করে মহিপাল হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। হবিগঞ্জ: বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পানিউমদা (বুড়িনাও) নামক স্থানে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পানিউমদা এলাকার পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩১ ঘ.