২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভিজিএফ কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার কার্ডপ্রতি ১০০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সাভার, সেপ্টম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার কার্ডপ্রতি ১০০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, আবুল বাশার ও তার বোন লিনা বেগম কার্ডের জন্য ২০-২৫ জনের কাছ থেকে টাকা নিয়েছেন। তবে বাশার এ অভিযোগ মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন। আশুলিয়া থানা এলাকার পাথালিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কুরগাঁও এলাকায় ৩৫০টি ভিজিএফ কার্ড বিতরণের কথা রয়েছে। সরজমিনে জানা গেছে, কুরগাঁও গ্রামের তাজনাহার বেগম (কার্ড নম্বর-৫৩২) শেফালী (৫২৫), তাসলিমা (৫৩৬), আলেয়া বেগম (৫২৪) ও পারভীন বেগমসহ (৫২৬) প্রায় ২৫/৩০ জন দুঃস্থ মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন বাশার ও তার বোন লিনা। ভিজিএফ কার্ড গ্রহণকারীরা জানান, ১০০ টাকা না দেওয়া পর্যন্ত তাদেরকে কার্ড দেননি তারা। ভিজিএফ কার্ডধারী পারভীন ও শেফালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাশার ও লিনা তাদের কাছ থেকে মোবাইল ফোনের খরচের কথা বলে ১০০ টাকা করে নিয়েছেন। যারা টাকা দেননি তাদের কার্ডও দেননি তারা। এ ব্যাপারে তিন নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, "টাকার বিনিময়ে ভিজিএফ কার্ড বিতরণের কথা আমিও শুনেছি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সুপারিশে বাশারকে কার্ড বরাদ্দ দেওয়া হয়েছিল।" পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর হোসেন বলেন, "অনিয়মের কথা আমিও শুনেছি। আমাদের কার্ড বিতরণের কথা থাকলেও স্থানীয় সাংসদের পরামর্শে তা বিতরণের নির্দেশ আছে। তাই সাংসদের মনোনীতদের মাধ্যমে কার্ড বিতরণ করা হচ্ছে। এখানে অনিয়ম হলে আমার কি করার আছে?" অভিযোগ অস্বীকার করে আবুল বাশার বলেন, "আমি কোথা থেকে অনিয়ম করুম। যারা বলছে তারা মিথ্যা কথা বলছে। আমিতো মেম্বারের কাছ থেকে ১৫টি কার্ড নিয়ে গরীব মানুষরে দিছি।" তবে বাশার স্বীকার করেছেন, মোবাইল ফোনের খরচের জন্য ১০০ টাকা করে চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ তাকে কেউ সে টাকা দেননি বলে দাবি করেন বাশার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.