ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু চিকিৎসার ওষুধ 'ওসেল্টামিভির' ক্যাপসুল বাজারে সরবরাহের অনুমতি দিয়েছে সরকার। তবে নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এ ওষুধ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে ঢাকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালকদের সঙ্গে সোয়াইন ফ্লু পরিস্থিতি ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোয়াইন ফ্লু চিকিৎসার ওষুধ ওসেল্টামিভির ক্যাপসুল বাজারে সরবরাহের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের ব্যবস্থাপত্র ছাড়া এটি বিক্রি করা যাবে না।
সিনিয়র তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে ওসাল্টেমিভির মজুদ রয়েছে। এছাড়া সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এবং চারটি বেসরকারি প্রতিষ্ঠান পপুলার, এসকেএফ, বেক্সিমকো ও স্কয়ার এ ওষুধ প্রস্তুত করে থাকে।
বর্তমানে প্রতিটি ওসাল্টেমিভির ক্যাপসুলের খুচরা দাম ১৮০ টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সভায় প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী, অতিরিক্ত সচিব বরুণ দেব মিত্র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান ও ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২৪৩ঘ.
bdnews24