২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তেল-গ্যাস কমিটির মিছিলে লাঠিপেটার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে'

ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা-কর্মীদের মিছিলে পুলিশের লাঠিপেটার বিষয়ে স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ঘটনাটি অনভিপ্রেত। কীভাবে ঘটনাটি ঘটেছে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা-কর্মীদের মিছিলে পুলিশের লাঠিপেটার বিষয়ে স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ঘটনাটি অনভিপ্রেত। কীভাবে ঘটনাটি ঘটেছে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "আমাদের দেশে বার বার গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মতো মহাদুর্যোগের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে বাঁচাতে হলে এর কোন বিকল্প নেই।" প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার প্রক্রিয়া চলছে। তাই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।" তিনি বলেন, "গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে ১০-১৫ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে যাবে।" বিকেএমইএ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামছুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন, বিকেএমইএ সিনিয়র সহসভাপতি আব্দুর রাশেদ রাশু, সহসভাপতি জাহিদুল হক দীপু প্রমুখ। পরে স্বরাষ্ট্র প্রতমন্ত্রী পোশাক শ্রমিকদের মাঝে ভর্তুকি মূল্যে চাল বিতরণ কর্মসূচি ও ফায়ার সেফটি সেল কার্যক্রম উদ্বোধন এবং শ্রমিকদের লেখা নিয়ে প্রকাশিত শ্রমবার্তা ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, "মহাজোট সরকার গঠনে শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। মহাজোট সরকার শ্রমিকদের ভাগ্য ফেরানোর লক্ষ্যেই কাজ করছে।" পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শামসুল হক বলেন, "অতীতে কে কি করেছে সেটা আলোচনায় আনতে চাই না। কিন্তু এখন যা করবেন তার উপর মূল্যায়ন হবে।" বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, সরকার ১৭ আগস্ট থেকে ১৬ টাকা কেজি দরে চাল বিক্রি করলেও বিকেএমইএ চার টাকা ভূর্তকি দিয়ে শ্রমিকদের মাঝে ১২ টাকা কেজি দরে চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিকেএমইএ পোশাক কারখানায় অগ্নিনির্বাপণের নিজস্ব ফায়ার সেল গঠন করেছে। এ সেল শ্রমিকদের অগ্নিনির্বাপণ সর্ম্পকে প্রশিক্ষণ দেবে। শ্রমিকদের লেখা, আকাঙ্খা, প্রত্যাশা নিয়ে বিকেএমইএ ১ মে থেকে ত্রৈমাসিক পত্রিকা শ্রমবার্তা প্রকাশ করছে। বিকেএমইএ'র নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে ৫ কেজি করে মাসে ২০ কেজি করে চাল কিনতে পারবেন প্রত্যেক শ্রমিক তার নিজস্ব পরিচয় পত্র দেখিয়ে। গত বৃহস্পতিবার ঢাকার মিরপুরে পল্লবীতে একটি নিট পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে বিকেএমইএ'র কম দামে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। ১৯ আগষ্ট এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ে সরকারের সঙ্গে বিকেএমইএ একটি চুক্তি স্বাক্ষর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.