হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার হবিগঞ্জে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।
হবিগঞ্জের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা মধ্যপাড়া গ্রামের মো. আরজু মিয়া।
হাকিম সাদিকুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হলেন- উপজেলার জলসুখা ইউনিয়নের আবুল ফজল। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাদির শামসু।
তিনি জানান, তারা শুনেছেন আবুল ফজল মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানিদের দোসর রাজাকার বাহিনীতে ছিলেন।
আরজু মিয়া অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৪ নভেম্বর সকাল ১০টায় আসামি আবুল ফজল সহযোগী রাজাকারদের নিয়ে তার বাড়িতে হামলা চালায়। রাজাকাররা বাড়ির লোকজনকে মারধর করে এবং স্বর্ণালংকার ও গরু বাছুর লুট করে নিয়ে যায়।
এ ঘটনার দুদিন পর ১৬ নভেম্বর কৈয়ারবিল নামক স্থানে হানাদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধের সময় আসামি ফজল রাজাকারদের নিয়ে মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি দাশকে গুলি করে হত্যা করে।
আজমিরীগঞ্জ থানার ওসি কাজী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বিষয়টি শুনেছি। তবে আদালতের আদেশ এখনও হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24