২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার তিন খুন: নবী সোলায়মানসহ ৪ জন রিমান্ডে

কারওয়ান বাজার তিন খুনের মামলায় বিএনপি নেতা নবী সোলায়মান, এল রহমানসহ চার জনকে চারদিনের আইনি হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজার তিন খুনের মামলায় বিএনপি নেতা নবী সোলায়মান, এল রহমানসহ চার জনকে চারদিনের আইনি হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুমিনুল হাসান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ আগস্ট তারা চারজন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসর্মপণ করলে বিচারক এ এন এম বশির উল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। অপর যে দু'জনকে আইনী হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে তারা হলো, মো. সাঈদ ও নুরুল ইসলাম। গত ২৬ জুন ভোর সাড়ে পাঁচটায় কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী ফারুক মোল্লা, মো. আশরাফ ও ফারুক মোল্লার কর্মচারী জুয়েলকে ব্যবসায়িক দ্বন্দ্বে খুন করা হয়। ওইদিনই ফারুক মোল্লার ভাই মো. মোবারক হোসেন বাদী হয়ে নবী সোলায়মান, এল রহমানসহ চারজনকে অভিযুক্ত করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, কারওয়ান বাজারের ২ নম্বর ডিআইটি মার্কেটের পূর্ব পাশে সিটি করপোরেশনের ৩০টি দোকান বরাদ্দের জন্য নিহত ফারুক মোল্লা আবেদন করেছিলেন। ওই ৩০টি দোকানের মধ্যে নবী সোলায়মান ও এল রহমান ১৫টি দোকান চাঁদা হিসেবে দাবি করে। তাদের দাবি না মানায় ফারুক মোল্লাকে খুন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/১৮১২ ঘ.