২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনু মুহাম্মদের আহত হওয়া দুঃখজনক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পল্টনে পুলিশি হামলায় অধ্যাপক আনু মুহাম্মদ আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনে পুলিশি হামলায় অধ্যাপক আনু মুহাম্মদ আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বুধবার তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পল্টনে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। ওই সময় পুলিশের লাঠিপেটায় আহত হন তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্তত ২৩ জন। প্রধান বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক আনুর ওপর হামলার নিন্দা জানায়। বুধবারের ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক। ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যের কোনও ধরনের বাড়াবাড়ি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ পুলিশি হামলায় আহত হওয়ার পর বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে।" তিনি বলেন, "দেশের সম্পদ রক্ষার জন্যই আমাদের এ আন্দোলন। আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকারের দায়িত্ব হলো নাগরিকদের জানমাল রক্ষা করা। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।" অধ্যাপক আনুর ওপর হামলার প্রতিবাদে তেল-গ্যাস রক্ষা কমিটি ইতোমধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৪০ ঘ.